A
Z
YP

প্রেম, থাকো তবু কল্পনায় (কবিতা)

অসীম তরফদার

: মধ্য রাতের স্তব্ধতা ভেঙে বেজে উঠল টেলিফোন,
ঘুম জড়ানো গলায় হ্যালো বলতেই ইথারে কম্পন তুলে
ওপার হতে ভেসে এলো তোমার কন্ঠস্বর
বুকের অলিন্দে তখন নেচে উঠল সহস্র ভ্রমর-
যেন কতদিন প্রতীক্ষায় আছি।

: কেনো এভাবে ভাবো,
কেনো করো প্রতীক্ষা আমার ?

: তুমি আমার শেকড়-
তুমি ছাড়া আমি অস্তিত্বহীন;
আমার প্রকাশ বিকাশ এমনকি বেঁচে থাকা অসম্ভব।

: আজতো তুমি এক প্রতিষ্ঠিত মানুষ-
সবাই চেনে, জানে, সমীহ করে…

: সব তো তোমরই জন্য।
অর্থ-বিত্ত-প্রতিপত্তিহীন এক পরিবারে জন্ম,
আদর্শ আর দারিদ্রের সমান্তরাল বয়ে চলা সংসারে
আদর্শকে আঁকড়ে সৃজনশীলতার পথে হেঁটেছি অবিচল;
হঠাৎ এক মহাপ্রলয়ে তোমাকে হারালাম।
তারপর কক্ষচ্যুত হয়ে, গৃহহীন আশ্রয়হীন হয়ে
ভাগাড়ে পড়ে ছটফট করছিলাম,
একদিন তুমিই আবার টেনে তুললে
মমতার আঁচলে মুছে দিলে যন্ত্রনার দাগ,
পুনর্বার দীক্ষা দিলে সৃষ্টিশীল মানুষ হবার-
তারপর থেকে ক্রমাগত হেঁটে চলেছি ক্লান্তিহীন,
চলেছি আবাদ করে অনুর্বর শুষ্ক জমিন,
পাহাড়ের পাথর শরীরে করে চলেছি কেয়ার বাগান-
শুধু তোমাকে ফিরে পাবো বলে,
সপ্তডিঙ্গায় চড়ে স্বর্গের উপকুলে বেড়াব বলে।

: আমারও সাধ হয়
তোমার স্বপ্নের মাঝে আকাশের নীল ছঁয়ে উড়তে,
জ্যোৎস্নার স্নিগ্ধ ধারায় ভিজতে,
কল্পনার রঙে রাঙাতে বিবর্ণ মুহূর্ত।

: অপ্রতিরোধ্য বাসনার পাপড়ি গুলোকে
সংযমের শক্ত খোলাসে ঢেকে রেখেছি বহুদিন;
বলো, কবে দেখা হবে?

: ইচ্ছে হয়, তোমার শ্রান্ত দেহের ঘাম মুছিয়ে দেই,
পৃথিবীর সমস্ত গোলাপ দিয়ে তোমাকে সংবর্ধিত করি।
কিন্তু আমি যে বড় অসহায় !

: আমার চারপাশে আজ অধৈর্য বাতাস-
বন্ধ ঘরের দরজা-জানালা ভেঙে চুরমার।
প্রতিটি গ্রন্থি তোমার স্পর্শের আশায় অপেক্ষমান
ব্যকুল ভাবাবেগে!

: লক্ষীটি, আমারও বড্ড ইচ্ছে করে কাছে আসতে;
কিন্তু কিছুতেই পারি না এই দূরত্ব বিলীন করে দিতে !

: তোমার আশ্বাসে আশ্বস্ত হয়ে, বিশ্বাসী হয়ে ভালোবাসায়
কতদিন অপেক্ষায় আছি-

: বিশ্বাস করো, আমি সত্যিই অসহায় !
পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই আমার ;
বস্তুত: অনেক আগেই হারিয়ে গেছি-
আলোকময় সবুজ প্রান্তর হতে।
পৃথিবী হতে অনেক দূরে, অসীম শূন্য গর্ভে-
যেখান থেকে পৃথিবীর আলো-ছায়ায় ফেরা যায় না কখনও।

: তাহলে এই যে টেলিফোন,
এই যে সান্ত্বনা, আশ্বাস আর ভরসা দেয়া-
একি সত্যি নয় !

: মিথ্যে তো নয় কোনো কিছু।
পার্থিব জগতে আমাদের মিলন নিবিঘ্ন নয়; তাই
চলে এসেছি অপার্থিবতার সীমাহীনতায়।
তোমার কল্পনার মহাসমুদ্রে আর স্বপ্নের মহাকাশে
আমাদের প্রেম বেঁচে থাকবে, অবাধ স্বাধীনতায় !

সাহিত্য >> কবিতা
Ask A i

InfiniteX AI Business Assistant

Hello 👋
Ask me anything about companies, products or suppliers.